
পাইকগাছা খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার জেলেপাড়া সংলগ্ন কপোতাক্ষ নদ খননকৃত অংশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোজাম গাজী (৭৩)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দর্গাপুর গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে।
নৌ-পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস সবুর জানান, স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
নিহতের ছেলে মাসুম গাজী বলেন, “আমার পিতা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও শ্বাসকষ্ট (অ্যাজমা) রোগে ভুগছিলেন। রোববার সকালে তিনি বাড়ির পাশে একটি ঘেরে গিয়েছিলেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরে জানতে পারি নৌ-পুলিশ নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে।”
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, “লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।”
