বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

তীব্র তাপপ্রবাহ: হিট স্ট্রোকের ঝুঁকি উপেক্ষা করে পেটের দায়ে কাজ করছে শ্রমজীবী মানুষ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: 

বরগুনার পাথরঘাটায় তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে পেটের দায়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী অনেক মানুষের। হিট স্ট্রোক কিংবা স্বাস্থ্য ঝুঁকি যেন তাদের কাছে কোনো ব্যাপারই না। এসব ভাবলে হয়তো তাদের ভাত জুটবে না।

গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহের প্রত্যক্ষ প্রভাবে পাথরঘাটায় সবচেয়ে বেশি ভোগান্তির স্বীকার হচ্ছে পথেঘাটে রোদের মধ্যে কাজ করা শ্রমজীবী মানুষ। তীব্র তাপপ্রবাহে একপ্রকার অস্বস্তি বিরাজ করছে পাথরঘাটার সকল মানুষের মাঝেই, বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকি। 

রাস্তার পাশে গাড়িতে ইট ওঠানোর কাজ করা কয়েকজন শ্রমিকের সাথে কথা বললে তারা জানায়, এত রোদ শরীরের জন্য ক্ষতিকর তা আমরা জানি কিন্তু কাজ না করলে খাবার পাবো কোথায়। তীব্র গরমে মাঝেমধ্যে অসুস্থ হয়ে পরতে হয় কিন্তু তারপরেও পেটের দায়ে কাজ করে যেতে হয়।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন স্কুল শিক্ষার্থী জানায়, গতবছরের চেয়ে এবারে তাপমাত্রা একটু বেশি অনুভূত হচ্ছে। বিদ্যুৎ চলে গেলে আমাদের ক্লাস করতে  অনেক কষ্ট হয়।

এদিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মাহবুব হোসেন জানিয়েছেন সরাসরি হিটস্ট্রোক কিংবা গরমের সাথে সংশ্লিষ্ট কোনো রোগীর দেখা না পেলেও এরকম সন্দেহজনক কিছু রোগী বর্তমানে চিকিৎসাধীন আছে। তবে মানুষের মাঝে হিটস্ট্রোকের প্রভাব পরছে বলেও জানিয়েছেন তিনি। রোদের কাজ এড়িয়ে যাওয়া সহ এব্যাপারে সকলকে সতর্ক থাকারও আহবান করেন তিনি।

থেকে আরও পড়ুন