
ইসমাঈল হোসেন (রাজু), পানছড়ি প্রতিনিধি:
আসন্ন তীর্থমুখ ও পৌষ সংক্রান্তী মেলার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ জানুয়ারি) পানছড়ি উপজেলার রুপসেনপাড়ার সীমানাপাড়া এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর ব্যবস্থাপনায় ছিল খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।
এ সময় তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত পার হয়ে তীর্থমুখ ও পৌষ সংক্রান্তী মেলায় যাওয়া যাবে না। সেখানে গোলাগুলি বা জীবন নাশের ঘটনা ঘটতে পারে। আমাদের নৈতিক দায়িত্ব আপনাদের সতর্ক করা। আমরা চাইনা আমাদের দেশের কোন নীরিহ মানুষ মেলায় অংশগ্রহন করতে গিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে মৃত্যুবরণ করুক। আমরা পূর্ব থেকেই এ ব্যাপারে সতর্ক করে যাচ্ছি। আশা করছি বিষয়টি আপনারা সকলের কাছে প্রচার করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন।
পৌষ সংক্রান্তী মেলার আলোচনা শেষে এলাকার শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এলাকার কার্বারী শান্তি বিকাশ চাকমা জানান, বিজিবি আমাদের এলাকায় এসে শীতবস্ত্র প্রদান করেছে। এলাকাবাসীর পক্ষ থেকে বিজিবির প্রতি কৃতজ্ঞতার কথা জানান তিনি।
“বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই বিশ্বাসকে ধারণ করে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।
প্রতিনিধির নাম 


















