বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বাগেরহাটে বিএনপি’র দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে, ১৪৪ ধারা জারি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পাশাপাশি স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠানস্থলের এক কিলোমিটার এলাকার মধ্যে এই ধারা চলমান থাকবে উল্লেখ করে পত্র দিয়েছেন তারা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধারা জারি করা হয়। এই আদেশ জরুরি পরিষেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায়। যতদূর জানা গেছে, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমকে ১৭ ডিসেম্বর দুপুরে মাজেদা বেগম কৃষি বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হবে মর্মে গত ১৫ দিন আগে থেকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কলেজ কর্তৃপক্ষ এবং বিএনপি’র একটি গ্রুপ। অপরদিকে, দু’দিন আগে মাজেদা বেগম কৃষি বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে গোয়ালমাঠ রসিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা করার ঘোষণা দেন কচুয়া উপজেলা বিএনপি।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ স্বাক্ষরিত আদেশে উভয় অনুষ্ঠানস্থলসহ চারপাশের ১ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা চলমান থাকবে।

পাশাপাশি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি’র উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে ধারণা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ বলেন, ‘উভয় অনুষ্ঠান স্থলই অত্যন্ত নিকটবর্তী স্থানে। একাধিক গোয়েন্দা তথ্য এবং উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

থেকে আরও পড়ুন