
শাহাজামান বাদশা,পাইকগাছা প্রতিনিধি।
অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় খুলনার পাইকগাছায় বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩১ পালিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চ থেকে বেলুন উড়িয়ে দিবসের শুভ সুচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়।
মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্য শোভা পায়। শোভাযাত্রায় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। মঙ্গল শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা নিবার্হী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও পাইকগাছায় চড়ক পূজা উপলক্ষে গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসবে উপছে পড়া ভিড় ছিলো। ধর্মীয় ভাবগাম্ভীর্যে, কঠোর ব্রত ও অনুশাসনের মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে চড়ক পূজা উদযাপিত হয়েছে।
প্রতিনিধির নাম 


















