নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ:

নুরুজ্জামান লিটন নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ হওয়ার একদিন পর তাহের আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পৌনে ৫টার দিকে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাহের আলী উপজেলার সাগরইল গ্রামের মৃত দেওয়ান মণ্ডলের ছেলে।

জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহের আলী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার বিকেলে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গিয়ে ধান ক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মহাদেবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত তাহের আলীর ছেলে সোহেল বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি একাধিকবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা উদ্ধার করেছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আগামীকাল ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

অন্যান্য খবর