
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ওষুধ, কসমেটিকস ও গবাদিপশু আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিজিবি মারুফ হোসেন ওরফে সুরুজ (২১) নামের এক যুবককে আটক করে। আটক সুরুজের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সুরুজ ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গার ঝালবাজার এলাকার মৃত নুর হোসেনের ছেলে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা, ময়দান, শালঝোড়, উত্তর ধলডাঙ্গা ও নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ সীমান্ত ফাঁড়ির আওতাধীন এলাকায় চোরাচালানী ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা, ৩ হাজার ৫৫৫ পিস ওষুধ, ৮০ পিস কসমেটিকস, দুটি মোবাইল ও একটি গরু আটক করা হয়।
এসময় গাঁজা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এছাড়া গাঁজা চোরাচালানে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।
ভূরুঙ্গামারী থানা ওসি আজিম উদ্দিন বলেন, বিজিবি মারুফ হোসেন ওরফে সুরুজ নামের এক যুবকের নামে মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করেছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।









