
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
হাত ধোয়ার নায়ক হোন স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যথাযথ মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলার জগথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার সুমিত গুপ্ত, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান।
এ ছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুনা বেগম, সহকারী শিক্ষক মাহাবুব আলম ও সেলিনা আক্তারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস শিশুদের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে এবং সুস্থ থাকতে সহায়তা করে। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










