শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল খরনা নাদুরপুকুর একাদশ

প্রকাশ:

নিজস্ব প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চন্ডিবর সৌখিন স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খরনা নাদুরপুকুর ফুটবল একাদশ। শিরোপাজয়ী দল পুরস্কার হিসেবে পেয়েছে একটি বিশাল ষাঁড় গরু। রানার্সআপ দলের জন্য ছিল একটি বড় খাসি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বনভেটি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৫-৪ গোলে চন্ডিবর সৌখিন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে খরনা নাদুরপুকুর ফুটবল একাদশ।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের হাতে ষাঁড় গরু তুলে দেন টুর্নামেন্টের উদ্বোধক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। রানার্সআপ দলের হাতে তুলে দেওয়া হয় একটি বড় খাসি।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের পিপিএম পদকপ্রাপ্ত কর্মকর্তা মির্জা সায়েম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।

বগুড়া জেলা বিএনপির সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফজলুল হক উজ্জ্বলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাহীন সানি, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা তাজুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দল নেতা বাবলু মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

গ্রামীণ জনপদে ফুটবলের জনপ্রিয়তাকে কেন্দ্র করে ফাইনাল ম্যাচ ঘিরে বনভেটি হাইস্কুল মাঠে দর্শকদের ব্যাপক সমাগম ঘটে। খেলা দেখতে মাঠের চারপাশে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমীরা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ ও ব্যতিক্রমী পুরস্কারকে ঘিরে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অন্যান্য খবর