
নুরুল কবির আরমান,বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি সদর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ‘দ্বিতীয় সাময়িক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২০অক্টোবর (মঙ্গলবার) বাদ জোহর প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক এম. দ্বীন ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মুফতি মহিউদ্দিন পানছড়ি। তিনি প্রতিযোগিতা বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ শেষে ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক মূল্যবান দ্বীনি নসিহত পেশ করে মুফতি মহিউদ্দিন বলেন, শিক্ষার্থীদের ইলমে নাফে (উপকারী জ্ঞান) অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র গঠন এবং দ্বীনের পথে অবিচল থাকা অত্যন্ত জরুরি। এ সময় তাঁর হৃদয়স্পর্শী নসিহত শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও সার্বিক চরিত্র গঠনে গভীরভাবে অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও দ্বীনদার অভিভাবকদের উপস্থিতিতে এক আখেরি মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনার পাশাপাশি শিক্ষার্থীদের উত্তম আখলাকের অধিকারী ও দ্বীনের যোগ্য খাদেম হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।
প্রতিষ্ঠানটির অবস্থান খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়াস্থ মদিনা নগরে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছে।










