
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা খিলু মারমা (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক এলাকার একটি নির্জন বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে অভিযুক্ত খিলু মারমা জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায় এবং নির্যাতন চালায়। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে অভিযুক্তকে আটক করেন এবং গুইমারা থানা পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার পরপরই গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে গুইমারা থানা পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনাটি তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতনের শিকার শিশুটির সুচিকিৎসা ও সর্বোচ্চ আইনগত সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।










