নদীভাঙন, লবণ আর দুর্যোগের সাথে লড়েই টিকে আছে কয়রার উপকূলবাসী

কয়রা (খুলনা) প্রতিনিধি

সূর্য ওঠার আগেই নিঃশব্দে নদীতে নামে নৌকা। সুন্দরবনঘেঁষা কয়রার গ্রামগুলোতে এটা প্রতিদিনের চিত্র। কারো হাতে জাল, কারো হাতে কাঁকড়ার খাঁচা, কারো কাঁধে মধুর ড্রাম। গন্তব্য একটাই—সংসার চালানোর রসদ। অথচ প্রতি মুহূর্তে সামনে হাতছানি দেয় বিপদ।
এখানে সুন্দরবন শুধু গাছ-গাছালির বন নয়। এটি এই অঞ্চলের মানুষের বাজার, ব্যাংক আর বেঁচে থাকার ভরসা। কিন্তু সেই ভরসার জায়গাটিই আবার সবচেয়ে ভয়ের। নদীর পানিতে কুমির ওঁত পেতে থাকে, জঙ্গলের ভেতরে বাঘের পায়ের শব্দ শোনা যায়। এর সাথে আছে আকস্মিক ঝড় আর উত্তাল স্রোত। তবু অভাবের তাড়নায় মানুষকে ছুটতে হয়।
উপকূলের জীবন মানেই অনিশ্চয়তা। একবার ঝড় আসে, ভেঙে দেয় ঘর। আরেকবার জোয়ার আসে, ডুবিয়ে দেয় ক্ষেত। সিডর থেকে রিমাল—প্রতিটি দুর্যোগের পর মানুষ মাথা গোঁজার জায়গাটুকু আবার নতুন করে গড়ে। ফসলি জমি নষ্ট হয়, ঘেরের মাছ ভেসে যায়। কিন্তু থেমে থাকে না কেউ। ভাঙা ঘর মেরামত করেই আবার নৌকা নিয়ে নদীতে নামে।
সবচেয়ে বড় চাপ এখন লবণ। মাটিতে লবণ ঢুকে যাওয়ায় আগের মতো ধান হয় না। জমি ফাঁকা পড়ে থাকে। আয় কমায় অনেকে মজুরের কাজ করে, অনেকে ভাগ্যের খোঁজে শহরে চলে যায়। স্থায়ী কাজ নেই, তাই জীবন চলে অনিয়মিত উপার্জনে।
পানির কষ্টও এখানে নিত্যসঙ্গী। চারপাশে নদী থাকলেও এক ফোঁটা খাবার পানি নেই। লবণাক্ততা এত বেশি যে পানি আনতে যেতে হয় কয়েক কিলোমিটার। এই কষ্টের বোঝা বেশিরভাগ সময় নারীদের কাঁধে। পানি আনতে গিয়ে পড়াশোনা, কাজ—সবকিছু পিছিয়ে যায়। লবণপানি আর অস্বাস্থ্যকর পরিবেশে নারী ও শিশুরা নানা রোগে ভুগছে। চিকিৎসা দূরের কথা, দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রেও মৌলিক সুযোগ-সুবিধা মেলে না।
নদীভাঙন এখানে সবচেয়ে নিষ্ঠুর। রাতের ঘুম ভেঙে সকালে দেখা যায় ঘরের অর্ধেক নদীতে। জমি-জমা, স্মৃতি সব হারিয়ে মানুষ ছুটে অন্য জায়গায়। সেখানেও শুরু হয় নতুন করে টিকে থাকার লড়াই।
স্থানীয়দের কথা একটাই—শুধু ত্রাণ দিয়ে হবে না। লাগবে টেকসই বাঁধ, লবণ সহ্য করতে পারে এমন ফসল, নিরাপদ পানির প্রকল্প এবং নারীদের জন্য ঘরে বসে কাজের সুযোগ।
সন্ধ্যায় নদীর কূলে যখন নৌকা ভেড়ে, তখনই ঘরের মানুষের মুখে শান্তি ফেরে। ওই নৌকায় থাকে শুধু মাছ নয়, থাকে একটি পরিবারের স্বপ্ন। সব ভয় আর ক্ষতির পরেও এভাবেই প্রকৃতির সাথে লড়ে টিকে আছে সুন্দরবনপাড়ের মানুষ।

অন্যান্য খবর