পূজা চলাকালীন সময়ে বসতবাড়িতে হামলা- ভাঙচুর, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে পূজা চলাকালীন সময়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, টাকা- স্বর্ণালংকার – লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা এলাকায়। এ ঘটনায় ওই এলাকার রবীন্দ্রনাথ পালের ছেলে তাপস কুমার পাল একই এলাকার ৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত নামা আরো কয়েকজনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন বাগমারা এলাকার ভুবন মোহন পাল, সুনীল কুমার পাল, ভিম কুমার পাল, উত্তম কুমার পাল, সুব্রত কুমার পাল, অসিতকুমার পাল, অসীম কুমার পাল, সুন্দরঘোনা এলাকার সুভাষ চন্দ্র পাল সহ অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তাপস কুমার পালের পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির বাইরে এবং পরিবারের নারীরা পূজায় থাকাকালে পূর্বের জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অভিযুক্তরা দা, কুড়াল, শাবল, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করেন।অভিযুক্তরা দল বেধে ঘরের দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে ট্রাংক ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। স্টিলের বাক্সের তালা ভেঙে ২ ভরি ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা, এবং জায়গা-জমির দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যান। সেই সাথে দুস্কৃতিকারীরা ঘরের মালামাল তছনছ করে দিয়েছে।

খবর পেয়ে তাপস কুমার পাল বাড়িতে ফিরে এসে ভাঙচুরে বাধা দিলে অভিযুক্তরা তাকে খুন ও জখমের হুমকি দেন। তার ডাক-চিৎকারে স্থানীয় বিশ্বনাথ পাল, স্বপন কুমার পালসহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা তাদের বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়েছে। ‎এ ঘটনায় তাপস কুমার পাল বাগেরহাট সদর থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

অন্যান্য খবর