বদলগাছীর পাহাড়পুরে বিধবা চাচীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভাতিজা পলাতক

নুরুজ্জামান লিটন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নে এক বিধবা চাচীকে ধর্ষণের চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামের মো. সিদ্দিক মণ্ডলের ছেলে মো. নুর আলম (৫২) গত বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনা ঘটান বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আমেনা মাঠে কাজ শেষে বাড়িতে ফিরে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত নুর আলম সীমানাপ্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে তিনি তার চাচীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে নুর আলম তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন বলে ভুক্তভোগীর অভিযোগ। একপর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই বিধবাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন মুঠোফোনে জানান, ভুক্তভোগী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন।

অন্যান্য খবর