
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামে প্রায় ৭০ বছর ধরে ভোগদখলে থাকা পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পাথরঘাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউসুফ মিয়া এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ইউসুফ মিয়া বলেন, তাদের দাদার আমল থেকে পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী সোহরাব হোসেন একটি ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন। জমি রক্ষায় বাধা দিলে প্রতিপক্ষ ভাড়াটিয়া সন্ত্রাসী ও ভূমিদস্যুদের নিয়ে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। জমির মালিকানা সংক্রান্ত বিরোধের ন্যায়সঙ্গত নিষ্পত্তি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহরাব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ইউসুফ গং আমাদের জমি ভোগদখল করে আসছে। জমির বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জমির দখল বুঝে নেওয়ার চেষ্টা করছি।
প্রতিনিধির নাম 


















