
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলায় দুর্যোগ সম্পর্কিত স্থায়ী আদেশাবলী (এসওডি) এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যুব-নেতৃত্বাধীন এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস-এর বাস্তবায়নে এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এনএসএস-এর পরিচালক (ফিল্ড অপারেশন) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি ফাতিমা ইয়াসমিন, সিপিপি প্রতিনিধি মো. সগির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মু. নজমুল হক সেলিমসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা।
সংলাপে দুর্যোগ সম্পর্কিত স্থায়ী আদেশাবলী (এসওডি) সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও সক্রিয় করা এবং এসব কমিটিতে যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া নারী, শিশু, প্রতিবন্ধী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আশ্রয় সুবিধা নিশ্চিত করা, দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার এবং ঝুঁকি হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
বক্তারা বলেন, পাথরঘাটা একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। পাশাপাশি যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত করলে দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
সংলাপে যুব প্রতিনিধিদের পক্ষ থেকে ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের অন্তর্ভুক্তির প্রস্তাব উত্থাপন করা হলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য সচিবরা এ বিষয়ে ইতিবাচক মতামত দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল দুর্যোগ মোকাবিলায় যুবসমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি ভবিষ্যতে উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে যুবদের আরও বেশি সম্পৃক্ত করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান, ActionAid Bangladesh-এর সুমন আচার্য্য এবং প্রোগ্রাম অফিসার মরিয়ম আক্তার।
প্রতিনিধির নাম 


















