
মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার:
জনগণের কল্যাণ এলাকার সার্বিক উন্নয়ন জনসেবার অঙ্গীকার নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
দিনের শুরুতে তিনি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দক্ষতা অর্জন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পরবর্তীতে তিনি ঈদগাঁও উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা ও থানার ওসি ইউপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। দুপুরে চৌফলদন্ডী ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কক্সবাজার বাস্তবায়িত দুটি গুরুত্বপূর্ণ সড়কের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এসব সড়ক চালু হওয়ার ফলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা আরও সহজতর হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একই সফরে তিনি চৌফলদন্ডী বাজারে মৎস্য ব্যবসায়ীদের জন্য নির্মিতব্য আধুনিক দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্প বাস্তবায়িত হলে মৎস্য ব্যবসায়ীদের জন্য উন্নত অবকাঠামো নিশ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে বিকেলে বাসভবনে ফিরলেও জনসেবার কার্যক্রমে বিরতি দেননি এই জনপ্রতিনিধি। বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও প্রত্যাশা নিয়ে আসা সাধারণ মানুষের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং সমস্যার সমাধানে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন। জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তাঁর এ কর্মব্যস্ত দিন জনকল্যাণে নিবেদিত নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিনিধির নাম 


















