
মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযান, মাদকবিরোধী প্রচারণা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে থানা পুলিশ। কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান-এর দিকনির্দেশনায় এবং এটিএম শিফাতুল মাজদার-এর নেতৃত্বে পরিচালিত এসব কার্যক্রমে অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি এসেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সচেতন মহল।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার জানান, গত ৮ ডিসেম্বর ২০২৫ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত থানায় মোট ৬৯টি মামলা রেকর্ড হয়েছে। একই সময়ে সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
তিনি জানান, বিশেষ অভিযান ও নিয়মিত তৎপরতায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতারসহ ৪৫১ টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। একই সাথে ৭৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪১ হাজার টাকা। এছাড়া ২৭ লিটার চোলাই মদ ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের মূল্য প্রায় ৩৪ হাজার ৮০০ টাকা বলে জানান ওসি। অভিযানে চাঁদাবাজির অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। চোরাই ব্যাটারিচালিত টমটম গাড়ি ২টি, একটি চুরি মামলার গরু, ৮ বস্তা ধান এবং ২টি আইফোন উদ্ধার করা হয়েছে। অপহরণ মামলার এক ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি শিফাতুল মাজমদার আরও বলেন, এ সময়ের মধ্যে সংঘটিত ৩টি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাগুলোর আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের ব্যবস্থাও করা হয়েছে। শুধু অভিযান নয়, জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দিচ্ছে ঈদগাঁও থানা পুলিশ। প্রতি সপ্তাহে আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়। এর অংশ হিসেবে ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ, দোলা ফকির মাজার, পোকখালী কেন্দ্রীয় জামে মসজিদ, গোমাতলী জামে মসজিদ, ভুমরিয়া ঘোনা জামে মসজিদসহ ভাদিতলা ও চরপাড়া এলাকায় সভা-সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও শীতকালীন সময়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল জানান, পুলিশের নিয়মিত টহল, মাদকবিরোধী অভিযান এবং জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে ঈদগাঁওয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পুলিশের তৎপরতা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তারা।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদগাঁও উপজেলা এলাকায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন ওসি শিফাতুল মাজদার। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ঈদকে কেন্দ্র করে বিশেষ টহল ও নজরদারি অব্যাহত রাখা হবে।
প্রতিনিধির নাম 


















