বুধবার, ১৩ মে ২০২৬

পাথরঘাটায় বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা, পদ্মা ও চরলাঠিমারা গ্রামের ১৮ জন অংশগ্রহণকারীকে নিয়ে বাজার সংযোগ, ভ্যালু চেইন উন্নয়ন এবং বেসরকারি খাতের সাথে কার্যকর সংযোগ স্থাপন বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত সিসিডিবি’র নিজস্ব অফিস কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে সিসিডিবি’র পিসিআরসিবি প্রকল্প ফেইজ-২, জলবায়ু পরিবর্তন প্রকল্প, পাথরঘাটা, বরগুনা। এতে অর্থায়ন করেছে জার্মানভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Bread for the World।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি’র পিসিআরসিবি প্রকল্প ফেইজ-২ এর জলবায়ু পরিবর্তন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খাইরুল আলম। তিনি অংশগ্রহণকারীদের বাজার সংযোগ উন্নয়ন, ভ্যালু চেইন শক্তিশালীকরণ, উৎপাদক ও ক্রেতার মধ্যকার সম্পর্ক উন্নয়ন, বেসরকারি খাতের সাথে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা এবং উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ের উদ্যোক্তাদের টেকসইভাবে এগিয়ে নিতে বাজার ব্যবস্থাপনা, পণ্যের মান উন্নয়ন এবং ক্রেতার চাহিদা সম্পর্কে সম্যক ধারণা থাকা অত্যন্ত জরুরি। সঠিক বাজার সংযোগ স্থাপন করতে পারলে স্থানীয় উৎপাদকরা অধিক লাভবান হওয়ার পাশাপাশি তাদের পণ্যের বিস্তৃত বাজারও তৈরি করতে পারবেন।

প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবির উপজেলা সমন্বয়ক সুজন চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, বর্তমান সময়ে স্থানীয় উৎপাদকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য বাজারের সাথে কার্যকর সংযোগ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এ কর্মশালার মাধ্যমে তারা বাজার ব্যবস্থাপনা, পণ্যের মূল্য সংযোজন, বিপণন কৌশল এবং ক্রেতাদের সাথে কার্যকর যোগাযোগ বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন। তারা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ভবিষ্যতে তাদের আয় বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ এবং স্থানীয় বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে সহায়ক হবে।

থেকে আরও পড়ুন