
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শুক্রবার জুম্মার নামাজের সময় স্থানীয় মুসল্লীদের সঙ্গে মতবিনিময় করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।
মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং এবং জমি-জমা সংক্রান্ত বিরোধসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এসব অপরাধ দমনে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন ওসি।
ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, “মাদক ও জুয়া সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এসব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সচেতন জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি কিশোরদের বিপথগামিতা রোধে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় বাল্যবিবাহের কুফল সম্পর্কে মুসল্লীদের অবহিত করা হয় এবং এ ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 


















