
খাগড়াছড়ি প্রতিনিধি :
‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষা’র লক্ষ্য নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মা গ্রামে আনসার ও ভিডিপি কর্তৃক এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় জেলা কমান্ড্যান্ট জনাব মো. আরিফুর রহমান, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এই জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জনাব আল আমীন এবং ইউনিয়ন দলনেতা মো. মনিরুল ইসলাম। এতে ভিডিপি সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অভিযানে অংশগ্রহণকারীরা তৈকর্মা গ্রামের বাড়িঘর, মসজিদের আঙিনা এবং রাস্তার দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করে গ্রামকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আনসার ও ভিডিপি সদস্যদের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এলাকাবাসী ও মসজিদের মুসল্লিগণ তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
ইউনিয়ন দলনেতা মো. মনিরুল ইসলাম জানান যে, এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। তিনি ও তার দলের সদস্যরা ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণের জন্য স্বেচ্ছাশ্রম দিতে সর্বদা প্রস্তুত রয়েছেন। তাদের এই উদ্যোগ এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
প্রতিনিধির নাম 


















