
নিজস্ব প্রতিনিধি:
ঈদগাঁও উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার(২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার নেতৃত্বে ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও বিট কর্মকর্তা মুমিনুর রহমান এর সহযোগিতায় ঈদগাঁও বাজারে অবস্থিত দুটি অবৈধ করাতকলে অভিযান চালানো হয়। সাজ্জাদের মালিকানাধীন করাতকলে একজন আসামিকে হাতেনাতে আটক করা হয়। নাইমের মালিকানাধীন করাতকলে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
অভিযানে আব্দু রশিদ(৬০), কবির আহমদ(৩৬) এবং সাইফুল ইসলাম(৪০) মোট তিনজনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করাতকল(লাইসেন্স) বিধিমালা-২০১২ এর ০৭ ও ১২ ধারা অনুযায়ী ৫ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বন ও পরিবেশ রক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।
প্রতিনিধির নাম 


















