
কয়রা (খুলনা) প্রতিনিধি:
শিক্ষার বাতিঘর, প্রাণপুরুষ প্রধান শিক্ষক মোহাম্মদ আমজাদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে, ২০ অক্টোবর এবং ৫ কার্তিক ১৪১৯, সকাল ৭টা ১ মিনিটে ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে থেমে যায় এক বর্ণিল জীবনগাড়ি। কিন্তু কালোত্তীর্ণ এই জ্ঞানতাপস তাঁর কর্ম ও চেতনার মাঝে আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।
তিনি ১৯৩৫ সালের ২রা জুলাই অবিভক্ত পাইকগাছা, বর্তমান কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সম্পূর্ণ বৈরী সামাজিক ও রাজনৈতিক পরিবেশের মধ্যেও তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন।
১৯৫১ সালে খুলনা জিলা স্কুল থেকে কৃতিত্বের সাথে মেট্রিক, ১৯৫৪ সালে খুলনা হিন্দু একাডেমী (বি.এল) কলেজ থেকে আই.এ, ১৯৫৮ সালে একই কলেজ থেকে বি.এ, ১৯৭৪ সালে বি.এড এবং ১৯৯১ সালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে এম.এড পাস করেন।
তিনি ছিলেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের দীর্ঘতম সময়ের প্রধান শিক্ষক। এক কথায় তিনি ছিলেন স্বাধীনতা উত্তর বিধ্বস্ত পাইকগাছা সরকারি স্কুলের উন্নয়নের রূপকার। সংবাদপত্র জগতে ‘আজাদ বার্তা’ পত্রিকা ছিল তাঁর অনবদ্য সৃষ্টি। শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা ছিল অনন্য ও অপরিসীম।
একজন সমাজ হিতৈষী হিসেবে পাইকগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের রাস্তাঘাট নির্মাণে তাঁর অবদান আজও মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে।
তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। আজকের এই দিনে পরম করুণাময় মহান আল্লাহপাকের দরবারে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।










