
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় গ্রাম বাংলার আবহমান ঐতিহ্যবাহী ও গ্রামীণ উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার সোলাদানা ও লস্কর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা ঐতিহ্যবাহী কড়ুলিয়া নদীর আমুরকাটা পয়েন্টে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। ৫নং সোলাদানা ইউনিয়ন সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরের ন্যায় এ রঙিন উৎসবের আয়োজন করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোঃ আব্দুল মজিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কড়ুলিয়া নদীর মিনহাজ পয়েন্টে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ নৌকায় চড়ে বর্ণিল এই প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতা সার্বিক পরিচালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নদীতে বৈঠার ছন্দময় আওয়াজ আর সমবেত দর্শকদের উৎসাহ ও উল্লাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। কড়ুলিয়া নদীর দু’পাড়ে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার আনন্দিত দর্শনার্থী ভিড় জমান।
প্রতিযোগিতা শেষে মন্দির কমিটির সভাপতি সমীরণ কুমার মণ্ডলের সভাপতিত্বে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ নৌকাবাইচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় দূরন্ত নৌকা বাইচ দল (চান্নিরচক) প্রথম স্থান অধিকার করে। রিয়া নৌকা বাইচ দল (টেংরামারি) দ্বিতীয় স্থান এবং সোনার তরী নৌকা বাইচ দল (ছিটিয়া বুনিয়া) তৃতীয় স্থান অর্জন করে।
শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এই গ্রামবাংলার ঐতিহ্যবাহী আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি, বিচারক মণ্ডলী এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।










