
মোঃ হিমেল হোসেন, বিশেষ প্রতিনিধি
কম্পিউটার ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে শিক্ষার্থীদের পড়াশোনা, পারিবারিক সম্পর্ক ও স্বাভাবিক জীবনযাত্রায় কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, তা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছে নওগাঁর বদলগাছীর একদল শিক্ষার্থী। শিক্ষামূলক ছোট নাটিকায় কম্পিউটার আসক্ত এক শিক্ষার্থীর দৈনন্দিন জীবনযাপন এবং অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতার নানা ক্ষতিকর দিক ফুটিয়ে তুলে সচেতনতার বার্তা দেওয়া হয়।
বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত এ নাটিকায় একটি শিক্ষার্থীর জীবনে কম্পিউটার আসক্তির প্রভাবকে গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়। অভিনয়ের বিভিন্ন দৃশ্যে দেখানো হয়, প্রয়োজনের অতিরিক্ত কম্পিউটার ব্যবহারের কারণে কীভাবে ধীরে ধীরে একজন শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়তে পারে এবং তার দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আসতে পারে।
নাটিকাটির গল্পে কম্পিউটারের প্রতি অতিরিক্ত নির্ভরশীল এক শিক্ষার্থীর পারিবারিক জীবন ও শিক্ষাজীবনের বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরা হয়। প্রযুক্তির প্রতি আসক্তির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া, পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া এবং স্বাভাবিক জীবনযাপনে নেতিবাচক প্রভাব পড়ার বিষয়গুলো অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন শিক্ষার্থীরা।
একই সঙ্গে নাটিকায় শুধু প্রযুক্তির নেতিবাচক দিক নয়, এর সঠিক ব্যবহারের গুরুত্বও তুলে ধরা হয়। প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি ব্যবহার, পরিবারের সদস্যদের সচেতন ভূমিকা এবং শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনার মাধ্যমে অতিরিক্ত আসক্তি থেকে বেরিয়ে আসার বার্তা দেওয়া হয়।
নাটিকায় বর্ণনাকারীর ভূমিকায় অভিনয় করেন মন্দিরা মন্ডল। কম্পিউটার আসক্ত শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করেন সেজুতি মণ্ডল। রাফিয়ার ছোট বোনের চরিত্রে সাবরিনা বাসার শৈলী, বাবার চরিত্রে সাবরিনা আকতার সুমাইয়া, মায়ের চরিত্রে রামিশা ফাতেমা, বান্ধবীর চরিত্রে হাফসা জান্নাত রোজা, চিকিৎসকের চরিত্রে তাকওয়া তাসফিয়া রিফা এবং শিক্ষিকার চরিত্রে অভিনয় করেন রূপশ্রী রায়।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অভিনয় ও সাবলীল উপস্থাপনায় নাটিকাটি উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়কে নাট্যরূপ দেওয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও উপস্থিত দর্শকদের মধ্যেও প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে যায়।
সংশ্লিষ্টরা মনে করেন, বর্তমান সময়ে কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তি শিক্ষা ও জ্ঞানার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত ব্যবহার শিক্ষার্থীদের দৈনন্দিন জীবন, পড়াশোনা ও সামাজিক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি এর ব্যবহারেও প্রয়োজন সচেতনতা ও নিয়ন্ত্রণ।
নাটিকাটির মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তির সুফল কাজে লাগানোর পাশাপাশি অতিরিক্ত নির্ভরতা ও অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টদের মতে, বাস্তব জীবনের সমস্যাকে নাটিকার মতো সৃজনশীল মাধ্যমে উপস্থাপন করলে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি বিষয়গুলো সহজে উপলব্ধি করার সুযোগ তৈরি হয়।










