
শফিক ইসলাম, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
মারাত্মক তীব্র অপুষ্টিতে (Severe Acute Malnutrition—SAM) আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা আরও কার্যকর ও মানসম্মত করতে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটে প্রয়োজনীয় লজিস্টিকস ও চিকিৎসা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্টা চাকমা। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন সরকার, জাবারাং কল্যাণ সমিতির প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস অফিসার জোনাকি ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য সচিব শফিক ইসলাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. ধনিষ্টা চাকমা বলেন, মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করায় হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও জাবারাং কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের সহায়তা মহালছড়ি উপজেলায় অপুষ্টিতে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, অপুষ্টিজনিত ঝুঁকি মোকাবিলায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা আরও জোরদার করা প্রয়োজন। হস্তান্তর করা সরঞ্জামগুলোর যথাযথ ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের ফলে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাম ইউনিটের সেবাদানের সক্ষমতা বাড়বে। পাশাপাশি মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।










