
নেত্রকোনা প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের কালেক্টরেট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমসহ জেলা ছাত্রদল ও অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থাকবে। জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজার এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।










