উপকূলের সুরক্ষায় বৃক্ষরোপণ, পাথরঘাটায় পূবালী ব্যাংকের নতুন উদ্যোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বরগুনার পাথরঘাটা উপজেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে পূবালী ব্যাংক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা ভূমি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, পূবালী ব্যাংকের বামনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ ফিরোজ আহমেদ, রাজনীতিবিদ হাবিবুর রহমান এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মসূচির আওতায় পাথরঘাটা উপজেলার হরিণঘাটা, চরদুয়ানী, লেমুয়া, কাঁঠালতলী, নাচনাপাড়াসহ প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

আয়োজকরা জানান, উপকূলীয় পাথরঘাটা জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা একটি এলাকা। এ অঞ্চলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া অতিথিরা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

পূবালী ব্যাংকের এ উদ্যোগকে স্থানীয়ভাবে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অন্যান্য খবর