
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের পরিচালনায় আদালত-৩ এর অধীনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিআরটিএ কার্যালয় প্রাঙ্গণ থেকে মোট ১১ জন দালালকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও অপরাধ স্বীকারের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং বাকি ৬ জনের প্রত্যেককে ৬০ (ষাট) দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
১. মো. মনির মোল্ল্যা
২. সুজন চন্দ্র দাস
৩. মো. আল আমিন
৪. মো. টিপু
৫. মোফাজ্জেল হোসেন
৬. আব্দুল মান্নান শিকদার
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন ”এই প্রতারক চক্রটি বিআরটিএ-তে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
সাজাপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানা ইস্যু করে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং আদায়কৃত জরিমানা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। বিআরটিএ-এর সব ধরনের সেবা গ্রহণে যেকোনো মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি বিআরটিএ-এর নির্ধারিত কাউন্টার ও অনলাইন সার্ভিস ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।









