বর্ণাঢ্য আয়োজনে বদলগাছীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

প্রকাশ:

মোঃ হিমেল হোসেন,বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দলীয় কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা যুবদলের আয়োজনে দিনব্যাপী কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বদলগাছী উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বেলা ১১টার দিকে উপজেলার চৌরাস্তা মোড়ের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মেজবাউল হক রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটুসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। এ সময় উপজেলা যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে সংগঠিত করে দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ভূমিকা রেখে আসছে বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় যুবসমাজের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে যুবদলের নেতাকর্মীদের সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে কাজ করতে হবে। একই সঙ্গে দলের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

সভা থেকে আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বদলগাছীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

অন্যান্য খবর