
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:
‘আমরা মাঠ ছেড়ে পালাব না, রাজনৈতিকভাবেই সব মোকাবিলা করব’—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পাঁচটায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদসংলগ্ন বালুর মাঠে আয়োজিত আলগী ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “আপনারা সতর্ক থাকবেন। আমরা মাঠ ছেড়ে পালাব না, রাজনৈতিকভাবেই সব মোকাবিলা করা হবে। এ দেশে রক্ত ঝরিয়েছি, এ দেশেই মরব। যেকোনো পরিস্থিতিতে আপনাদের পাশে থাকব।”
‘যুব, ঐক্য, প্রগতি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে আলগী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের উপস্থিতিতে সম্মেলনস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাজিবুল হাসান রাজিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা। এ ছাড়া বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মোঃ ওসমান মুন্সীর সভাপতিত্বে এবং মোহাম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা মো. নাজমুল হোসেন, আলগী ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মিরাজ মুন্সী, আমির মোল্লা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সবুজ সরদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম আজমসহ ছাত্রদল যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্যে ওসমান মুন্সী বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সবার সম্মতিক্রমে আলগী ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সম্মেলনে এ সময় স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










