বদলগাছীতে আইনশৃঙ্খলা কমিটির সভা, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে জোর

প্রকাশ:

মোঃ হিমেল হোসেন, বিশেষ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃত্বের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাল্যবিবাহ, মাদক, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাল্যবিবাহ বন্ধ, মাদকের বিস্তার রোধ এবং চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. ফজলে হুদা বলেন, বাল্যবিবাহ ও মাদক নির্মূলে শিক্ষক, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন ব্যক্তিদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এসব সামাজিক সমস্যা পুরোপুরি মোকাবিলা করা সম্ভব নয়; এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি কাজী ও নিকাহ রেজিস্ট্রারদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সংশ্লিষ্টদের আইন মেনে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

সভায় মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সবার দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) জিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নূহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন।

অন্যান্য খবর