মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে  যুদ্ধ ঘোষণা করতে হবে: এমপি জাহিদুর 

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় এমপি জাহিদুর রহমান বলেন, “মাদক দিন দিন যেভাবে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমার এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা হতে দেওয়া হবে না।”

তিনি বলেন, শুধু পুলিশকে দোষারোপ করে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাদক নিয়ন্ত্রণে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রতিটি এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন করে সম্মিলিতভাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এমপি জাহিদুর রহমান আরও বলেন, “প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাদের কোনোভাবেই ক্ষমার চোখে দেখা যাবে না। ১৯৭১ সালে যেমন ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়েছিল, তেমনি ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক ব্যবসায়ীদেরও প্রতিহত করতে হবে।”

তিনি আরও বলেন, দেশের যুবসমাজ যদি মাদকে আসক্ত হয়ে পড়ে, তাহলে ভবিষ্যতে দেশ পরিচালনা করবে কারা—এ প্রশ্ন আমাদের সবার। তাই মাদকের বিরুদ্ধে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।

সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, সড়কে যানজট, সার সংকট, চাঁদাবাজি, চুরি-ছিনতাইসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এম. ইসফাকুল কবীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোশারফ হোসেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অন্যান্য খবর