
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলাসহ আশেপাশের এলাকায় ইদানিং চোর চক্রের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দুর্গাপূজার পর থেকে বিভিন্ন হাটবাজার, জনবহুল স্থান ও বাড়ি থেকে একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে চলেছে। সংঘবদ্ধ চোর চক্রের এমন বেপরোয়া কর্মকাণ্ডে সাধারণ বাইকচালক ও এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
সর্বশেষ গত ১ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলার পাইকগাছা থানায় একটি মোটরসাইকেল চুরির সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. তপু রায়হান। তিনি পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরল প্রামের বাসিন্দা মো. রাজ্জাক গাজীর ছেলে। থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে তপু রায়হান তার নিজ নামীয় ১৫০ সিসি ডিসকভার মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর: সাতক্ষীরা-ল-১৩-০৭০৭) উপজেলার সোলাদানা ইউনিয়নের খলিলনগর গ্রামের রনজিৎ মণ্ডলের বাড়িতে একটি অনুষ্ঠানে নিয়ে যান। সেখানে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলটি উঠানে রেখে অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরবর্তীতে রাত আড়াইটার দিকে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে নেই। চারদিকে খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
এর আগে গত ৩ জুলাই ২০২৬ তারিখে ডুমুরিয়া থানায় আরেকটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পাইকগাছার মালথ গ্রামের মো. সাইফুল ইসলাম। জিডিতে তিনি উল্লেখ করেন, ওইদিন বেলা দেড়টার দিকে ডুমুরিয়া থানাধীন আঠারোমাইল বাজারসংস্থ ছাগলহাটার ডান পাশের জামে মসজিদের পাশে তার নিজ নামে ক্রয়কৃত ইয়ামাহা এফজেড-এস ভি২ (Yamaha FZ-S V2, ব্লু কালার, ১৫০ সিসি) মোটরসাইকেলটি রেখে তিনি জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন তার লাল-নিল রঙের (খুলনা ল-১২-৭২৫১) গাড়িটি যথাস্থানে নেই। এছাড়া গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকেও আরেকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে এবং এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, শুধু পাইকগাছা থানাতেই নয়, এর আশেপাশের উপজেলা ও বিভিন্ন জনবহুল এলাকা থেকেও একইভাবে প্রতিনিয়ত বাইক হাওয়া হয়ে যাচ্ছে। মেহনত করে কেনা সাধের বাহনগুলো এভাবে একে একে চুরি হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ও বাইকচালকরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে এলাকাবাসী ও ভুক্তভোগীরা দ্রুত সক্রিয় এই চোর চক্রকে পাকড়াও করতে, পুলিশি টহল জোরদার এবং চুরি রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।









