
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আদালতের ১৪৪ ধারা জারি করা নির্দেশ অমান্য করে এক বয়োবৃদ্ধের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। বিরোধীয় জমিতে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় নিরাপত্তা চেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের পর বর্তমানে ওই প্রবীণ ব্যক্তি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রাতযাপন করছেন।
মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার ইসলামাবাদ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পূর্ব বোমালখালী গ্রামের বাসিন্দা প্রবীণ নুরুল আলম, পিতা- মোহাম্মদ ইসহাক, বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজারে একটি ফৌজদারি মামলা দায়ের করেন (মামলা নং- ৫৫২/২০২৬, ধারা: ১৪৪)। মামলায় স্থানীয় বদরুল ইসলাম, পিতা- মৃত আব্দুল হাকিমসহ সাত জনকে বিবাদী করা হয়েছে।
মামলার নথিপত্রে উল্লেখ করা হয়, বিরোধীয় জমিটি বর্তমানে ১ম পক্ষ নুরুল আলমের বৈধ দখলে রয়েছে এবং জমির সব প্রয়োজনীয় কাগজপত্র তার পক্ষে বিদ্যমান। তা সত্ত্বেও বিবাদী পক্ষ জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় জমিটি দখলের পাঁয়তারা চালাচ্ছে, যার ফলে এলাকায় যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ও শান্তি-শৃঙ্খলা ভঙ্গের মারাত্মক আশঙ্কা দেখা দিয়েছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে উক্ত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্যে ১৪৪ ধারার আদেশ দেন। আদেশে সহকারী কমিশনার (ভূমি), কক্সবাজার সদর-কে বিরোধীয় জায়গার স্বত্ব ও দখল বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের পূর্বে মতামতসহ প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে। একইসাথে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিরোধীয় জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করার নির্দেশও দেওয়া হয়েছে।
ভুক্তভোগী প্রবীণ নুরুল আলমের অভিযোগ, আদালতের আদেশের পরেও প্রতিপক্ষ সশস্ত্র মহড়া চালিয়ে জমি দখলের চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রতিপক্ষের হুমকি ও হামলার আশঙ্কায় বর্তমানে তাদের দিন ও রাত চরম আতঙ্ক ও সংশয়ের মধ্যে কাটছে। তিনি এ বিষয়ে প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন।










