
বিশেষ সংবাদদাতা, ঢাকা,
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ ও সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি নিরসনে টানা দ্বিতীয় দিনের মতো বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিআরটিএ-এর মোবাইল কোর্ট আদালত-৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে সেবাগ্রহীতাদের প্রতারণা ও হয়রানির অভিযোগে ৪ জন দালালকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও অপরাধ স্বীকারের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ জনকে ০১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের তালিকা:
১. দোছ মুহাম্মদ (৪৭): ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
২. মো. আনোয়ার (২৫): ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
৩. মো. মাসুদ (৪৪): ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
(এছাড়া অপরাধ স্বীকার করায় অন্য এক দালালকে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।)
অভিযান শেষে বিআরটিএ মিরপুর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম বলেন:
”সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে আমাদের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। বিআরটিএ প্রাঙ্গণকে পুরোপুরি দালালমুক্ত রাখতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে নিয়মিত এ ধরনের ঝটিকা অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”
কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানা জারি করে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দালালদের খপ্পরে না পড়ে সাধারণ সেবাপ্রার্থীদের সরাসরি বিআরটিএ-এর নির্দিষ্ট কাউন্টার বা অনলাইন সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিনিধির নাম 


















