বিশ্ব জলবায়ু সম্মেলনে যাচ্ছেন ডুমুরিয়ায় কৃতি সন্তান নীল এম নাহিয়ান

প্রকাশ:

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ার কৃতি সন্তান নীল এম নাহিয়ান জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (COP31)-এ বিষয় বিশেষজ্ঞ ও সম্মানিত ডেলিগেট হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন তিনি। নীলের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
নীল এম নাহিয়ানের গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার সেনপাড়া গ্রামে। তাঁর বাবা প্রফেসর মাহাবুবুল ইসলাম যশোর শিক্ষা বোর্ডের সাবেক সচিব এবং মা নাসরীন আক্তার ইডেন মহিলা কলেজের অধ্যাপক। বর্তমানে নীল যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ব্লুমিংটনে Environmental Policy and Public Affairs বিষয়ে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করছেন।
তরুণ পরিবেশবিদ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নীলের এ অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (DUMUA)-এর সেক্রেটারি ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখা, মতবিনিময়, মতামত প্রদান ও গবেষণার সুযোগ নীলের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। তাঁর বাবা প্রফেসর মাহাবুবুল ইসলাম ছেলের এ অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, COP31 সম্মেলন আগামী প্রজন্মের অস্তিত্ব রক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক উদ্যোগ। শিল্পোন্নত দেশগুলোর দীর্ঘদিনের কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণের প্রভাব সবচেয়ে বেশি ভোগ করছে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো। এ সম্মেলনে কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু অর্থায়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ুঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন, লবণাক্ততা, বন্যা, ঘূর্ণিঝড় ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতি দেশের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের লাল-সবুজের পতাকা হৃদয়ে ধারণ করে নীল সম্মেলনে জলবায়ু ন্যায়বিচারের পক্ষে যুক্তি তুলে ধরবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁর বাবা।
তিনি নীল ও তাঁর বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের উত্তরোত্তর সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে তোলার আহ্বান জানান।

অন্যান্য খবর