
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
বুধবার (১৯ আগস্ট) সকালে পাথরঘাটার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত বিষয়সমূহের বাস্তবায়ন ও জবাবদিহিতা: ফলোআপ সভা’ অনুষ্ঠিত হয়। অ্যাক্টিভিস্টা পাথরঘাটা ও আমতলীর আয়োজনে এবং এনএসএস ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনির প্রতিনিধি শোয়েন আহমেদ এরফান।
সভায় শোয়েন আহমেদ এরফান বলেন, নির্বাচনের আগে জনগণের সমস্যা, প্রত্যাশা ও দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়েছে। এখন সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। এলাকার মানুষের উন্নয়ন ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনায় পাথরঘাটার উপকূলীয় মানুষের জীবন-জীবিকা, জলবায়ু সহনশীলতা, জনসেবা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিভিন্ন বিষয় উঠে আসে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এ অঞ্চলের উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা প্রয়োজন।
এ সময় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা, জনগণের কাছে উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরা এবং জনপ্রতিনিধিদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি, নাগরিক সমাজ, যুব প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা পাথরঘাটার উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় এবং জনগণের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান।










