
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও সাধারণ মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন বিক্ষোভ স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা এতে অংশগ্রহণ করেন।
অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা ও বীর সন্তানেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটাবিরোধী আন্দোলনকারীদের দ্বারা বীর মুক্তিযোদ্ধা, প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সহ বিভিন্ন বিষয়ে কটুক্তির প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় বক্তারা বলেন, এ ঘটনায় স্বাধীনতা বিরোধী রাজাকার ও তাদের সন্তানেরা জড়িত। কোটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে গণধোলাই দিয়ে তাদেরকে বিতাড়িত করে পাকিস্তানে পাঠানো হবে।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা রুমি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জমির আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. মানিক মাতুব্বর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধাগণ।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও রাজনৈতিক নেতা এপোলো নওরোজ, মাহবুবুর রহমান টিটো, সাইফুল ইসলাম সোহাগ, শাফিনুর হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, রাকিবুল ইসলাম রনি, সাইফুল ইসলাম প্রমুখ।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা ও উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়ার নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।
এ বিষয়ে সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বড়ই দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে যাঁদের আত্মত্যাগ এবং যাঁদের রক্তের বিনিময়ে আজ স্বাধীন দেশে বসবাস করছি, আমরা বাংলায় কথা বলছি তাঁদের (বীর মুক্তিযোদ্ধা) এবং বীর মুক্তিযোদ্ধা পরিবারকে আজ কটুক্তি করে কথা বলছে কিছু মানুষ।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে আজ বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। নারী, জেলা, পোষ্য ইত্যাদি কোটা নিয়ে কথা না থাকলেও আজ শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তাদের মাথা ব্যথা। এতেই প্রমাণ হয় যে, দেশে অস্থিতিশীলতা করতে এটা এক দেশবিরোধী গভীর চক্রান্ত। তাই বিভ্রান্ত না হয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
