নুরুজ্জামান লিটন, বদলগাছী উপজেলা প্রতিনিধি (নওগাঁ)
নওগাঁ জেলার বদলগাছীতে তর্ক বিতর্কের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগে করা মামলায় পলাতক আসামি তারই আপন বড় ভাইকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের যৌথ ইউনিট।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ ও বদলগাছী থানা পুলিশের যৌথ অভিযানে ৯ ডিসেম্বর,শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির দড়িয়াপুর গ্রাম থেকে পলাতক আসামি রাজুর ছোট ভাই সাজু হত্যা মামলার আসামি তারই আপন মেজো ভাই রাজু হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজু হোসেন মথুরাপুর ইউপির দড়িয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের মেজো ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত ৬ ডিসেম্বর বিকেলে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাইয়ের মধ্যে খড়ের পালা দেওয়ার সময় মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। বিতর্কের এক পর্যায়ে খড়ের পালার নিচে থাকা মেজো ভাই রাজু খড়ের পালার উপরে থাকা ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারলে এতে সাজু আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
মামলার পর থেকে জয়পুরহাট র্যাব-৫, ও বদলগাছী থানা পুলিশের গোয়েন্দা দল আসামি রাজুর গতিবিধি পর্যেবক্ষণ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ী থেকে আসামি রাজুকে গ্রেফতার করে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।