কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
প্রবল বর্ষণের মধ্যেই দেশ বরেণ্য কবি মোহাম্মদ রফিক (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে। কবরস্থ করা হয়েছে তাদের পারিবারিক কবরস্থান বাগেরহাটের চিতলি গ্রামের বদর শামসুদ্দিন বিদ্যা নিকেতনের পাশেই। তার অন্তিম ইচ্ছা অনুযায়ী ইসলাম ধর্মীয় রীতি অনুসারে দাফন, মৃত্যুর খবর বেশি প্রচার না করা এবং দ্রুত সময়ের মধ্যে কবরস্থ করা হয়েছে তাকে। সোমবার (৭ আগস্ট) বেলা দশটায় কবির জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে এক ঘন্টা দেরিতে বেলা ১১ টায় কবির বাড়ির পাশের বদর শামসুদ্দিন বিদ্যা নিকেতনের বারান্দায় জানাজা সম্পন্ন হয়।
এর আগে কবি মুহাম্মদ রফিক গত ৩০ জুলাই তার চিরচেনা রাজধানী ঢাকা ছেড়ে আপন শেকড় জন্মমাটি বাগেরহাটের চিতলি বৈটপুর গ্রামে চলে আসেন। রবিবার বাড়ীতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ দিনই তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা যাওয়ার পথে মাদারীপুরের কাছে পৌঁছালে রাত ৯ টায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
কবি মোহাম্মদ রফিক একুশে পদক ছাড়াও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কপিলা, খোলা কবিতা, গাওদিয়া, মানব পদাবলী ইত্যাদি।