সুদীপ্ত মিস্ত্রী ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার ৭নং শোভনা ইউনিয়নের ঘেংরাইল নদী সংলগ্ন বাগআঁছড়া এলাকার নদীতে আজ বেলা ১২টার দিকে নদীর চরে একটি কুমির বসে থাকতে দেখা যায়। এতে নদীর তীরবর্তী স্থানীয় লোকজন ও জেলেদের মাঝে আতঙ্ক শুরু হয়।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে বাগআঁছড়া এলাকার নদীর চরে হঠাৎ একটি কুমির দেখেন তারা। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কুমির দেখতে নদীর তীরে ভিড় করেন। কোলাহলের কারনে কুমিরটি ফের নদীতে প্রবেশ করে। মাঝে মধ্যেই এই নদীর কোনো না কোনো স্থানে কুমির দেখছেন বলে জানান এলাকাবাসী।
ইউপি চেয়ারম্যান সুরন্জিৎ কুমার বৈদ্য বলেন, এ নিয়ে এলাকায় এক হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে কৌতূহলী মানুষ কুমির দেখতে ভিড় করতেন এই নদীর তীরে। বেশ কিছুদিন এই নদীর বিভিন্ন অংশে এই কুমির ভাসতে দেখা যাচ্ছে। এর আগে এই নদীতে কোনো কুমির ছিল না। আমার জানামতে, বিগত ১০০ বছরের মধ্যে এই নদীতে কেউ কখনো কুমির দেখেনি। হঠাৎ সেই নদীতে কুমিরের আগমনে নদীর দুই পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নদীর তীরবর্তী লোকজন নদীতে নেমে গোসল করতে সাহস পাচ্ছেন না। মাছ ধরা বন্ধ করে দিয়েছেন জেলেরা। এমনকি নদী থেকে পানি নেওয়াও বন্ধ করে দিয়েছেন অনেকেই। সব মিলিয়ে ওই এলাকায় একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
ইউনিয়নের বাদুরগাছা গ্রামের প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা সাধন কুমার সরদার জানান, কিছুদিন আগেও কদমতলা খেয়াঘাট সংলগ্ন শশ্মানঘাটের পাশেই নদীর কূল ঘেসে অল্প সময়ের জন্য কয়েকবার পানির ওপর শরীর ভাসিয়ে দিতে দেখা গেছে একটি মাঝারি আকারের কুমিরকে। একেক দিন একেক এলাকায় দেখা যায় কুমিরটিকে। জোয়ার-ভাটার মাঝামাঝি সময়ে এটি বেশি দেখা যায় বলে জানান তিনি।
হঠাৎ এই নদীতে কুমির দেখা মেলার কারণ জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক বলেন, সাগর থেকে দলছুট হয়ে কুমিরটি শাখা নদীতে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে।