নেজাম উদ্দীন- রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজীপাড়া মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী চিকিৎসা সেবা, কুইজ প্রতিযোগিতা, খতমে কোরআন, খতমে গাউছিয়া ও আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রেজায়ে মোস্তাফা তরুণ পরিষদ আয়োজন করে।
দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোখলেছুর রহমান এবং সঞ্চালনা করেন আহবায়ক মোক্তার হোসেন। এ সময় বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার আরিফ রিকো (এমবিবিএস) ও পল্লী চিকিৎসক এস. এম. দিদারুল আলম। চিকিৎসা কার্যক্রমে স্থানীয় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
এছাড়া মুহাম্মদ আদর ও হাফেজ আবু ছালেহ সাহেদ এর সার্বিক সহযোগিতায় খতমে কোরআন ও খতমে গাউছিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানের এই অধিবেশনের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
দ্বিতীয় অধিবেশনে বাদে মাগরিব মাহফিলের আয়োজন করা হয়। এ অধিবেশনের সভাপতিত্ব করেন উত্তর জেলা শিক্ষক পরিষদের সভাপতি ও পোমরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহিদুল ইসলাম টিপু। সঞ্চালনা করেন আব্দুল আল মামুন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ যুবদল নেতা পারভেজ মোশারফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহাতিয়া নঈমীয়া নকশবন্দীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ও পীরে তরিক্বত আলহাজ্ব সৈয়দ ওবাইদুল মোস্তাফা নঈমী আশরাফী। প্রধান আলোচক ছিলেন শীতলপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা বাহাউদ্দিন আল-কাদেরী।
প্রধান বক্তা হিসেবে তশরিফ পেশ করেন মিডিয়া ব্যক্তিত্ব জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি মুদারিস মাওলানা জয়নাল আবেদীন ল ক্বাদেরী।
বিশেষ বক্তা ছিলেন—মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম আল মাইজভান্ডারী,মাওলানা মুহাম্মদ আহমদুল্লাহ হিরু,মাওলানা নঈমুল হক ছরমদ নঈমী,হাফেজ মুহাম্মদ সৈয়দুল বশর বটন,আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ নিজাম উদ্দিন নঈমী সহ প্রমুখ আলেমবৃন্দ।
মাহফিলে বক্তারা বলেন, ঈমান-আকিদার প্রশ্নে বাতিলদের সাথে কোনো আপোষ করা যাবে না। তারা আরও উল্লেখ করেন, মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ নিহিত রয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহাত্ম্য মুসলমানদের জীবনে অনন্য প্রেরণা যোগায় এবং ইসলামের সঠিক পথ অনুসরণের মাধ্যমে মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে এলাকার আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিল শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশের শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।