মোক্তার হোসেন,কয়রা (খুলনা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনার কয়রা উপজেলার ১ নং আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুফতি মোয়াজ হোসাইন। এলাকার অসহায়-দুস্থ পরিবারের পাশে থাকা এবং যুব সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন।
মুফতি মোয়াজ হোসাইন বলেন,আমি নির্বাচিত হলে সবার আগে যুব সমাজের অবক্ষয় দূর করতে কাজ করবো। মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবো। যুবকদের নিয়ে সমাজের সকল দুর্নীতি দমনে বলিষ্ঠ ভূমিকা রাখবো। আমার লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক আমাদী ইউনিয়ন গড়ে তোলা।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি মসজিদ-মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় শিক্ষার প্রসার এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় কাজ করবেন তিনি।
সমাজসেবায় তার ভূমিকা আগে থেকেই এলাকায় প্রশংসিত। সাম্প্রতিক সময়ে তিনি আমাদী ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী উপহার দিয়েছেন। এছাড়া তরুণ উদীয়মান খেলোয়াড়দের মাঝে খেলার জার্সি ও ফুটবল বিতরণ করে ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছেন।
স্থানীয়রা জানান, মুফতি মোয়াজ হোসাইন সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করেন। এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখের খোঁজ খবর নেন। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
তিনি বলেন, জনগণের দোয়া ও সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না। আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমাদী ইউনিয়নের মানুষের জন্য কিছু করতে পারি।
এলাকাবাসীর প্রত্যাশা, তার মতো সৎ ও সমাজসেবী নেতৃত্ব পেলে আমাদী ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে পরিণত হবে।