মোঃ হিমেল হোসেন, বিশেষ প্রতিনিধি
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বদলগাছীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউন নবীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানূর ইসলাম, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু এবং বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী।
বক্তারা বলেন, সাক্ষরতা মানুষের মৌলিক সক্ষমতা বিকাশের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পড়তে ও লিখতে শেখাই সাক্ষরতার মূল উদ্দেশ্য নয়; বরং জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষকে সচেতন, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষার প্রসার ও সাক্ষরতার হার বৃদ্ধির কোনো বিকল্প নেই। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার পাশাপাশি শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাক্ষরতা বিস্তারের মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।