বিশেষ প্রতিনিধি- রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক সেবনের প্রতিবাদ করায় ইকবাল হোসেন নামে এক ছাত্রদল নেতাকে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইকবাল হোসেন গত ২২ আগস্ট রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কয়েকজন মাদকসেবী ইয়াবা সেবন করছিলেন। এ সময় তিনি প্রতিবাদ করলে কয়েকজন তার ওপর হামলা চালান। এতে তিনি মাথায় আঘাত পেয়ে আহত হন।
অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন—নেজাম উদ্দীন, পিতা রাজা মিয়া; দেলোয়ার হোসেন, পিতা ইসলাম মিয়া; মইন উদ্দীন, পিতা রাজা মিয়া; মিজান, পিতা দেলোয়ার হোসেন এবং ইসহাক, পিতা আবুল হোসেন।
আহত ইকবাল হোসেন বলেন, “কয়েকদিন আগে আমরা ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি ঘোষণা করি। গত ২২ আগস্ট ইয়াবা সেবনের সময় কয়েকজনকে হাতেনাতে ধরলে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়।”
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নেজাম উদ্দীন বলেন, “মূল ঘটনা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। কয়েকদিন আগে আমার ভাগিনা হাফেজ খোরশেদ আলম সাগরকে ইকবালসহ কয়েকজন মারধর করেন এবং জোরপূর্বক মাদক সেবন করে বলে অভিযোগ তোলেন। পরের দিন আমার প্রবাসী ছোট ভাই নঈম উদ্দীনের ওপরও অতর্কিত হামলা চালানো হয়।”
তিনি আরও বলেন, “আমরা বাধা দিতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আমাদের কয়েকজনও আহত হন। আমার বাবা এলাকায় সুনামের সঙ্গে নয় বছর দায়িত্ব পালন করেছেন। মূলত আমাদের পরিবারের সুনাম নষ্ট করার জন্য একটি চক্র কাজ করছে।”
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানায় দেওয়া অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।