মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি:
মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট ব্যবহারে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম।
তিনি বলেন, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয়ভাবে সংবেদনশীল বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের আইনবিরোধী, উস্কানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য, বক্তব্য কিংবা পোস্ট শেয়ার করা থেকে প্রবাসীদের বিরত থাকতে হবে। বিশেষ করে মালদ্বীপের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য তিনি সবাইকে সতর্ক করেন।
হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম বলেন, প্রবাসীরা যেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে কোনো ধরনের আইনি জটিলতায় না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এই জনসচেতনতামূলক সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা সংবাদ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা জরুরি। একই সঙ্গে মালদ্বীপের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার জন্যও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি।
হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের উদ্দেশে বলা হয়, মতপ্রকাশের ক্ষেত্রে সবাইকে সচেতন ও সংযত থাকতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, যা মালদ্বীপের আইন লঙ্ঘন কিংবা জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই সতর্কতামূলক আহ্বান জানানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।