নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে দালালচক্র ও প্রতারকদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। রোববার (১৬ আগস্ট) বিআরটিএ-এর মোবাইল কোর্ট আদালত-৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে বিআরটিএ প্রাঙ্গণে সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধ লেনদেনের অভিযোগে হাতেনাতে ০৬ জন দালালকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়া শেষে ০২ জনকে ০১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ০৪ জনকে সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিদের বিস্তারিত:
মো. শওকত আলী (৫৬): ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মো. সুজন (৩০): ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড।
অন্যান্য ০৪ জন: অপরাধের মাত্রা অনুযায়ী মোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদের দণ্ড।
অভিযান শেষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম বলেন:
"বিআরটিএ-কে দালালমুক্ত করতে আমাদের অভিযান ও নজরদারি প্রতিনিয়ত চলছে। সাধারণ মানুষ যাতে কোনো প্রতারণার শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এই ধরনের অভিযান সামনে আরও জোরদার করা হবে।"
কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানা জারি করে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং আদায়কৃত অর্থদণ্ড সরকারি কোশাগারে জমা করা হয়েছে। দালালদের খপ্পরে না পড়ে সরাসরি বিআরটিএ-এর নির্ধারিত কাউন্টার ও অনলাইনের মাধ্যমে সেবা নিতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।