প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৬, ৫:০১ পি.এম
র্যালি ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে গুইমারায় শুরু জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

আবুল হোসেন রিপন,গুইমারা, খাগড়াছড়ি প্রতিনিধি:
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় র্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। সকাল ১১টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মোলন কক্ষে গুইমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত।
রোববার সকাল ১০টায় ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা। বক্তব্য রাখেন উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষি ললিত মোহন ত্রিপুরা। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই মৎস্যচাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি নুর হোসেন এবং জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষিদের উৎসাহিত করা এবং মৎস্যসম্পদ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই জাতীয় মৎস্য পক্ষ পালনের মূল লক্ষ্য।
স্বত্ব © ২০২৬ দৈনিক সকালের সংবাদ