মোঃ হিমেল হোসেন, বিশেষ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইলকে কেন্দ্র করে বিরোধের জেরে মথুরাপুর ইউনিয়ন যুবদলের এক সহ-সভাপতির বাম হাতের কব্জি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলায় আহত ওই নেতাসহ তার মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি হাসান রমন (৪২), তিনি জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন একই গ্রামের মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির সীমানার আইল কাটাকে কেন্দ্র করে হাসান রমনের সঙ্গে মিজানুর রহমানের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ধারালো অস্ত্রের আঘাতে হাসান রমনের বাম হাতের কব্জি গুরুতরভাবে জখম হয়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা বিউটি বেগমও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার বাদী ও আহতের বাবা দুদু মিয়া অভিযোগ করেন, জমি-সংক্রান্ত সামান্য বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার ছেলে ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
অন্যদিকে অভিযুক্ত মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জমির সীমানা নিয়ে বিরোধের পর হাসান রমনসহ কয়েকজন তার বাড়িতে হামলা চালায়। ধস্তাধস্তির সময় হাতে থাকা ঘাস কাটার হাসুয়া থেকে অনাকাঙ্ক্ষিতভাবে ওই আঘাতের ঘটনা ঘটে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।